Skip to main content

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ'র "এটা তোমাদের গল্প ২": পারিবারিক আবেগের আরেকটি আন্তরিক উপাখ্যান

 

শিরোনাম: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ'র "এটা তোমাদের গল্প ২": পারিবারিক আবেগের আরেকটি আন্তরিক উপাখ্যান।
‎লেখক: মুহাম্মদ আল ইমরান
‎নাটক: এটা তোমাদের গল্প ২
‎পরিচালক: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
‎মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের পরিচালনায় ঈদের বিশেষ নাটক "তোমাদের গল্প ২" দর্শকদের কাছে আগেই প্রত্যাশার একটি জায়গা তৈরি করে রেখেছিল। প্রথম পর্বের বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল অনেক। নাটকটি পারিবারিক সম্পর্ক, আবেগ এবং প্রজন্মগত টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যা দর্শকের কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য একটি ধারা। 
‎আমার কাছে নাটকটির সবচেয়ে ইতিবাচক দিক ছিল কিছু আবেগঘন মুহূর্ত এবং সিনিয়র ও তরুণ শিল্পীর স্বতঃস্ফূর্ত অভিনয়। বিশেষ করে পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে তুলে ধরার চেষ্টা প্রশংসার দাবিদার। তবে গল্পের গতি বেশ কয়েক জায়গায় মন্থর মনে হয়েছে, আর কিছু দৃশ্য অপ্রয়োজনীয় লাগায় নাটকীয়তার প্রভাব কমে গেছে বলে মনে হয়। 
‎প্রথম পর্বের আবেগ ও প্রভাবের তুলনায় এই সিক্যুয়েলে নতুনত্বের ঘাটতি চোখে পড়েছে। গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব ও সংকট সমাধানে আরো দীর্ঘ হতে পারত। যাতে গল্পের নাটকীয় উত্তেজনা আরো তীব্র হত।
‎নির্মাণ, লোকেশন নির্বাচন এবং পরিচালকের পরিচিত পারিবারিক আবহ বজায় থাকলেও চিত্রনাট্যে আরও শক্তিশালী বাঁক ও স্মরণীয় সংলাপ থাকলে নাটকটি আরও প্রভাবশালী হতে পারত। তবুও ঈদের নাটক হিসেবে এটি একটি উপভোগ্য প্রচেষ্টা, যা পরিবারকেন্দ্রিক গল্প পছন্দ করা দর্শকদের ভালো লাগবে।
‎"এটা তোমাদের গল্প ২" একটি আন্তরিক প্রয়াস, যেখানে আবেগ আছে, বার্তা আছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী গল্পের গভীরতা ও নাটকীয় শক্তি পুরোপুরি পাওয়া যায়নি। তাই আমার ব্যক্তিগত মূল্যায়নে নাটকটির প্রাপ্য ৯/১৫।
‎আমি "এটা তোমাদের গল্প" নাটক দেখে আমি রাজ ভাইকে যে text করেছিলাম সেটা তুলে ধরলাম: "তোমাদের গল্প" নাটকটি মাত্র দেখা শেষ করলাম। আসলেই গল্পটি আমাদের ছিল। হয়তো-বা কোন কারণে নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক থাকে না। কিন্তু দিনশেষে শিকড় ছাড়া মানুষ মূল্যহীন। নাটকের শেষ অংশে চোখের পানি ধরে রাখা যায় নি। অসাধারণ নির্মাণের জন্য ধন্যবাদ। তবে "এটা তোমাদের গল্প ২" নাটক দেখে কোন কিছু লিখলাম না। কারণ এর থেকে বেশি ভালো লেগেছে "এটা তোমাদের গল্প" নাটক। তবে লিখলাম না বললে ভুল হবে এই লেখাটা লিখলাম অনলাইনে। 
‎মুহাম্মদ মুস্তফা কামাল রাজ ভাই ইউটিউব ফিল্ম নামে যে অসাধারণ কাজগুলো আমাদের উপহার দিচ্ছেন এজন্য তাকে ভবিষ্যতে দর্শক অসংখ্য ধন্যবাদ দিবে, তাকে মনে করবে। আমি এবং আমরা অনেক দর্শক এখনো হুমায়ূন আহমেদের নাটক সার্চ করে দেখি। হুমায়ূন আহমেদের নাটক যেন পুরাতন হয় না। রাজ ভাই এমন কাজ করে যাচ্ছে তাতে অনুমেয় তার কাজ কখনো পুরানো হবে না।
‎— মুহাম্মদ আল ইমরান
‎বরিশাল
‎২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।


Comments